Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা সোমবার, ০২ মার্চ ২০২৬

হলিউডে শুরু হতে যাচ্ছে গোল্ডেন গ্লোবস

হলিউডে শুরু হতে যাচ্ছে গোল্ডেন গ্লোবস
(ছবি সংগৃহিত)

গোল্ডেন গ্লোবস অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছরের পুরস্কার উৎসব শুরু হতে যাচ্ছে হলিউডে। এবারের মৌসুমের প্রথম গুরুত্বপূর্ণ পুরস্কার অনুষ্ঠান এটাই। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বেভারলি হিলসের দ্য বেভারলি হিলটন হোটেলে চলছে ৮২তম গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডসের শেষ মুহূর্তের প্রস্তুতি।

‘হলিউডের বর্ষসেরা পার্টি’ হিসেবে সুপরিচিত গোল্ডেন গ্লোবস। হলিউডে প্রতিবছর পুরস্কার মৌসুমের সূচনা হিসেবে দেখা হয়ে থাকে এই আয়োজনকে। সাধারণত কোনও চলচ্চিত্র কিংবা অভিনয়শিল্পী গোল্ডেন গ্লোবস জিতলে তাদের জন্য অস্কারের সম্ভাবনা বেড়ে যায়। কারণ সেগুলোকে প্রাধান্য দিয়ে থাকেন অ্যাকাডেমি সদস্যরা। ফলে যেসব চলচ্চিত্র গোল্ডেন গ্লোবস জিতবে সেগুলোর জন্য আগামী মার্চ মাসে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের দৌড়ে থাকা সহজ হয়ে যেতে পারে৷

ইতোমধ্যে গোল্ডেন গ্লোবসের লালগালিচা বসে গেছে। গত ২ জানুয়ারি লালগালিচা খোলার আয়োজনে একসঙ্গে ছবি তুলেছেন গোল্ডেন গ্লোবসের বর্তমান স্বত্বাধিকারী ও প্রযোজক ডিক ক্লার্ক প্রোডাকশন্সের (ডিসিপি) নির্বাহী সহ-সভাপতি ব্যারি অ্যাডেলম্যান, গোল্ডেন গ্লোবসের সভাপতি হেলেন হোনা, এবারের আসরের সঞ্চালক নিকি গ্লেজার, নির্বাহী প্রযোজক এমি অ্যাওয়ার্ড জয়ী গ্লেন ওয়াইস ও রিকি কার্শনার।

এমি, গ্র্যামি ও গোল্ডেন গ্লোবস মনোনীত আমেরিকান কমেডিয়ান ও অভিনেত্রী  নিকি গ্লেজার প্রথমবারের মতো অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের মঞ্চে প্রথম একক নারী হিসেবে এই দায়িত্ব সামলে ইতিহাস গড়তে যাচ্ছেন তিনি। তার পুরস্কার পাওয়ার সম্ভাবনাও আছে! সেরা স্ট্যান্ড-আপ কমেডি পারফরম্যান্স বিভাগে এইচবিওর ‘নিকি গ্লেজার: সামডে ইউ উইল ডাই’র জন্য মনোনীত হয়েছেন ৪০ বছর বয়সী এই তারকা।

পুরস্কার তুলে দেবেন তারকারা

৮২তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ২৭টি প্রতিযোগিতামূলক বিভাগের সম্মান বিজয়ীদের হাতে তুলে দেবেন বিভিন্ন দেশের প্রথম সারির তারকারা। গত ২ জানুয়ারি তাদের তালিকা ঘোষণা করা হয়েছে। তারা হলেন– কলিন ফারেল, কোলম্যান ডমিঙ্গো, ডেমি মুর, ডোয়াইন জনসন, নিকোলাস কেজ, শ্যারন স্টোন, ভিন ডিজেল, সালমা হায়েক, অ্যান্ড্রু গারফিল্ড, অ্যান্টনি ম্যাকি, অ্যান্টনি রামোস, আনিয়া টেলর-জয়, আরিয়ানা ডিবোজ, অব্রি প্লাজা, আউলি ক্রাভালহো, অকোয়াফিনা, ব্র্যান্ডি কার্লাইল, ক্যাথেরিন ও’হারা, এডগার রামিরেজ, এলটন জন, গল গ্যাডট, গ্লেন ক্লোজ, জেফ গোল্ডব্লাম, জেনিফার কুলিজ, ক্যালি কুকো, কেট হাডসন, ক্যাথি বেটস, কি হুই কোয়ান, কেরি ওয়াশিংটন, মার্গারেট কোয়ালি, মেলিসা ম্যাককার্থি, মাইকেল কিটন, মিশেল ইয়ো, মাইলস টেলার, মিন্ডি ক্যালিং, মরিস চেস্টনাট, নেট বারগাটসি, র‌্যাচেল ব্রসনাহ্যান, রব ম্যাকএলহেনি, সারাহ পলসন, সেথ রোজেন, ভায়োলা ডেভিস ও জোয়ি ক্র্যাভিৎজ।

মনোনয়নে এগিয়ে

‘এমিলিয়া পেরেস’, ‘দ্য ব্রুটালিস্ট’ ও ‘উইকেড’-এর মতো চলচ্চিত্রগুলো গোল্ডেন গ্লোবস জিতে অস্কারের পথে যুক্ত হওয়ার জন্য লক্ষ্যে আছে৷ অভিনয়শিল্পী বিভাগগুলোর সম্মান বাগিয়ে নেওয়ার দৌড়ে আছেন টিমোথি শালামে, সেলিনা গোমেজ, আরিয়ানা গ্র্যান্ডে ও অ্যাঞ্জেলিনা জোলির মতো তারকারা।

জ্যাক অডিয়াঁর পরিচালিত স্প্যানিশ ভাষার সংগীতনির্ভর সিনেমা ‘এমিলিয়া পেরেস’ সর্বোচ্চ ১০টি মনোনয়ন পেয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পটভূমিতে নির্মিত ‘দ্য ব্রুটালিস্ট’ দ্বিতীয় সর্বাধিক ৭টি বিভাগে মনোনয়ন পেয়েছে।

যুক্তরাষ্ট্রের ব্র্যাডি কোর্বেট পরিচালিত ‘দ্য ব্রুটালিস্ট’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অ্যাড্রিয়েন ব্রডি। ৩ ঘণ্টা ৩৫ মিনিট দৈর্ঘ্যের ছবিটিতে জার্মান নাৎসিদের গণহত্যার ভয়াল সময় থেকে বেঁচে ফেরা এক স্থপতির ভূমিকায় দেখা গেছে তাকে, যিনি পালিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর আমেরিকান স্বপ্নের পেছনে ছোটেন। গোল্ডেন গ্লোবসের সর্বোচ্চ সম্মান সেরা চলচ্চিত্র (ড্রামা) পুরস্কারের জন্য ‘দ্য ব্রুটালিস্ট’ এগিয়ে আছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

সেরা চলচ্চিত্র (ড্রামা) বিভাগে আরও মনোনীত হয়েছে একজন পোপ নির্বাচনকে কেন্দ্র করে নির্মিত ‘কনক্লেভ’, কিংবদন্তি সংগীতশিল্পী বব ডিলানের বায়োপিক ‘অ্যা কমপ্লিট আননৌন’, কল্পবিজ্ঞানধর্মী সিক্যুয়েল ‘ডুন: পার্ট টু’, কৃষ্ণাঙ্গদের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরা ‘নিকেল বয়েজ’ ও অলিম্পিকে জিম্মি সংকট নিয়ে প্রতিবেদন করা ক্রীড়া সাংবাদিকদের কেন্দ্র করে সাজানো ‘সেপ্টেম্বর ফাইভ’। 

অস্কারের চেয়ে গোল্ডেন গ্লোবস কিছুটা ব্যতিক্রম। গোল্ডেন গ্লোবসে সংগীতনির্ভর চলচ্চিত্রগুলো পৃথক বিভাগে লড়ে থাকে। সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল অথবা কমেডি) পুরস্কারের দৌড়ে আছে ৭৭তম কান উৎসবে স্বর্ণপাম জয়ী রোমান্টিক কমেডি ‘আনোরা’ ও বক্স অফিসে সাড়া জাগানো ‘উইকেড’।

সেরা মিউজিক্যাল অথবা কমেডি চলচ্চিত্র নিয়ে ভবিষ্যদ্বাণী করা কঠিন! এবার এই বিভাগে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। মনোনীত অন্য ছবিগুলো হলো পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হওয়া মেক্সিকান মাদক সম্রাটকে ঘিরে ‘এমিলিয়া পেরেস’, জনপ্রিয় মঞ্চনাটক অবলম্বনে নির্মিত ‘দ্য উইজার্ড অব অজ’-এর প্রিক্যুয়েল ‘উইকেড’, রুশ ধনকুবেরের ছেলে ও নিউইয়র্কের পানশালার এক নৃত্যশিল্পীর প্রেম নিয়ে ‘আনোরা’ ও ম্রিয়মান হয়ে পড়া এক মধ্যবয়সী মডেলের যৌবন ফিরে পাওয়ার নেশা নিয়ে ‘দ্য সাবস্ট্যান্স’।

ছয়টি বিভাগে মনোনীত হয়েছে এডওয়ার্ড বার্গার পরিচালিত ‘কনক্লেভ’। পাঁচটি করে মনোনয়ন পেয়েছে যুক্তরাষ্ট্রের শন বেকার পরিচালিত ‘আনোরা’ ও কানে সেরা চিত্রনাট্যের স্বীকৃতি পাওয়া ফ্রান্সের কোরালি ফারজাঁ পরিচালিত ‘দ্য সাবস্ট্যান্স’। এছাড়া ৪টি করে মনোনয়ন পেয়েছে ‘উইকেড’, ‘অ্যা রিয়েল পেইন’, ‘চ্যালেঞ্জার্স’ ও ‘দ্য ওয়াইল্ড রোবট’।

ছোট পর্দার গল্প

টেলিভিশন অঙ্গনে সর্বোচ্চ পাঁচটি মনোনয়ন পেয়েছে রেস্তোরাঁর গল্প নিয়ে নির্মিত ‘দ্য বেয়ার’। রহস্য কমেডি ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’ ও ঐতিহাসিক প্রেক্ষাপটে সাজানো ‘শোগান’-এর ঘরে এসেছে চারটি করে মনোনয়ন।

পুরস্কার বিতরণের আগে পৃথক একটি অনুষ্ঠানে বড় পর্দার আজীবন সম্মাননা হিসেবে সেসিল বি. ডিমিল পুরস্কার পাবেন গোল্ডেন গ্লোব জয়ী আমেরিকান  কৃষ্ণাঙ্গ অভিনেত্রী ভায়োলা ডেভিস। আর ছোট পর্দার আজীবন সম্মাননা ক্যারল বার্নেট অ্যাওয়ার্ডে ভূষিত হবেন তিনবার গোল্ডেন গ্লোব জয়ী আমেরিকান অভিনেতা টেড ড্যানসন। লক্ষণীয় ব্যাপার হলো, সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি সিরিজ) বিভাগে মনোনীত হয়েছেন টেড ড্যানসন (অ্যা ম্যান অন দি ইনসাইড)। ২০০৮ সালের পর আবারও মনোনয়ন পেলেন তিনি। সব মিলিয়ে গোল্ডেন গ্লোবসের ১৩টি মনোনয়ন আছে তার ঝুলিতে। ভোটার ৩৩৪ জন

সাম্প্রতিক সময়ে গোল্ডেন গ্লোবসের ভোটিং পর্ষদের প্রসার ঘটানো হয়েছে। ২০২১ সালে দুর্নীতির অভিযোগ ও জাতিগত বৈচিত্র্যের অভাব প্রকট হওয়ার কারণে সমালোচনা সৃষ্টির পর ভোটার তালিকা সংস্কারের উদ্যোগ নেয় হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন (এইচএফপিএ)। এবারের গোল্ডেন গ্লোবস বিজয়ীদের নির্বাচনে ভোট দিয়েছেন ৮৫টি দেশের ৩৩৪ জন সাংবাদিক। তাদের মধ্যে আছেন বাংলাদেশের চার জন। তারা হলেন বাংলা ট্রিবিউন-এর জনি হক, ঢাকা ট্রিবিউন-এর সাদিয়া খালিদ ঋতি, প্রথম আলো’র মনজুরুল আলম ও চরকি’র আদর রহমান। আমেরিকান অডিট, ট্যাক্স ও পরামর্শদাতা সংস্থা কেপিএমজি ভোট তালিকাভুক্তির দায়িত্ব পালন করেছে।

গোল্ডেন গ্লোবসের সময়সূচি

আগামী ৫ জানুয়ারি (বাংলাদেশ সময় ৬ জানুয়ারি সকাল ৭টা) বেভারলি হিলটন হোটেল থেকে সিবিএস-এর মাধ্যমে ১৮৫টির বেশি দেশে সরাসরি সম্প্রচার করা হবে লালগালিচাময় জমকালো অনুষ্ঠানটি। আমেরিকান ওটিটি প্ল্যাটফর্ম প্যারামাউন্ট প্লাস উইথ শোটাইম সাবস্ক্রাইবাররা একই সময় অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন যুক্তরাষ্ট্রে। প্যারামাউন্ট প্লাস এসেনসিয়াল সাবস্ক্রাইবাররা এই আয়োজন দেখার সুযোগ পাবেন পরদিন।
এএজি

নামাজের সময়সূচী

সোমবার, ০২ মার্চ ২০২৬
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪