গবির আঙিনায় প্রথমবার বেজে উঠল বাণী অর্চনার সুর

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপন করেছে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হয়ে দিনব্যাপী চলে এ আয়োজন। সকাল থেকেই তাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস।
পূজার এ আয়োজন নিয়ে কয়েকদিন থেকেই ক্যাম্পাসে আমেজ বিরাজ করছিল। বেশ কয়েকদিন থেকে পূজা উপলক্ষে চাঁদা তোলা, নিমন্ত্রণের কার্ড তৈরি, বিতরণ, মণ্ডপ সাজানোর কাজেই ব্যস্ত ছিল সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।
মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক লেকচারার ড. মৃত্যুঞ্জয় দাস বলেন, 'এবারই প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর আগে পূজা ৩ নম্বর হোস্টেলে হতো। তাই উপাচার্যসহ সকল কর্মকর্তাকে সাধুবাদ জানাই। বিভিন্ন ধর্মের মানুষের অংশগ্রহণে এই পূজা যেন সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। পূজা কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানচ্ছি।
কৃষি অনুষদের শিক্ষার্থী প্রমি রায় বলে, 'প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরস্বতী পূজা অনুষ্ঠিত হওয়ায় আমরা আনন্দিত এবং নিরাপদ বোধ করছি। আগে ক্যাম্পাসের বাইরে পূজা হতো যা বেশি আমেজ সৃষ্টি করতোনা।'
উল্লেখ্য , ২০১৭ সাল থেকে বিদ্যার্থীদের সুস্থতা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার উদ্দেশ্যে গণ বিশ্ববিদ্যালয় বাণী অর্চনা সংঘের উদ্যোগে পবিত্র শুক্লা পঞ্চমী তিথিতে শ্রী শ্রী সরস্বতী দেবীর পূজার আয়োজন করে আসলেই এই প্রথম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে পূজার আয়োজন করা হয়েছে।
এএজি
