Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা রবিবার, ০৭ জুন ২০২৬

বাকৃবিতে শিক্ষার্থী ও সুবিধাবঞ্চিতদের নিয়ে ছাত্রদলের ইফতার মাহফিল

বাকৃবিতে শিক্ষার্থী ও সুবিধাবঞ্চিতদের নিয়ে ছাত্রদলের ইফতার মাহফিল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদলের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের দুই হাজারের বেশি শিক্ষার্থীসহ দুস্থ, এতিম ও সুবিধাবঞ্চিত মানুষ অংশ নেন। শনিবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন চত্বরে এ আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ ছাত্রদলের নেতৃবৃন্দ ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে মুসলিম উম্মাহর শান্তি, শিক্ষা ও গণতন্ত্রের অগ্রগতির জন্য দোয়া করা হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আয়োজনকে ইতিবাচকভাবে দেখছেন। কৃষি অনুষদের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, 'এটা শুধু ইফতার মাহফিল নয়, বরং একে অপরের প্রতি সহযোগিতার মানসিকতা গড়ে তোলার সুযোগ।'

বাকৃবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বলেন, 'ইফতারে শিক্ষার্থীদের বিপুল উপস্থিতি প্রমাণ করে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের মন জয় করতে পেরেছে। আমরা চাই, বাকৃবি সুস্থ ধারার রাজনীতির রোল মডেল হয়ে উঠুক।'

শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, 'রমজান আত্মশুদ্ধি, সহমর্মিতা ও আত্মত্যাগের মাস। এই মাসে ন্যায়বিচার, গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের প্রতিজ্ঞা আরও দৃঢ় হয়েছে। ভবিষ্যতে আমরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সব অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকব।'

তিনি আরও বলেন, 'রাজপথের আন্দোলন থেকে সাংগঠনিক কর্মকাণ্ড সবক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ। আমরা মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করেছি, যেন আমাদের সংগ্রাম সফল হয় এবং দেশবাসী মুক্ত গণতন্ত্রের স্বাদ ফিরে পায়।'

 
কেএ

নামাজের সময়সূচী

রবিবার, ০৭ জুন ২০২৬
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪