বাকৃবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দোয়া ও ইফতার মাহফিল
.jpg)
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের গ্যালারিতে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও পশুপালন অনুষদের শিক্ষার্থী মো. আজিজুর হকের সভাপতিত্বে এবং সংগঠক মাসুদ রানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ময়মনসিংহ জোনের কেন্দ্রীয় প্রতিনিধি ফুয়াদ হাসান ও কেন্দ্রীয় সহ-সমন্বয়ক সাকিব উল হাসান। এছাড়াও সদস্য সচিব পিয়ার হোসেন মাসুম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলামসহ প্রায় ৭০ জন শিক্ষার্থী অংশ নেন।
সভাপতির বক্তব্যে মো. আজিজুর হক বলেন, আমরা এমন একটি ক্যাম্পাস গঠন করতে চাই, যেখানে কোনো ধরনের অন্যায় বা চাঁদাবাজির জায়গা থাকবে না। ২৪-এর গণঅভ্যুত্থানের পর দেশে যেন কোনো বৈষম্য না থাকে, সে বিষয়েও আমাদের দৃষ্টি দিতে হবে।
বিশেষ অতিথি ফুয়াদ হাসান বলেন, ৫ আগস্টের পর আমরা যে ধরনের পরিবর্তনের আশা করেছিলাম, তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। আমরা চাই, অভ্যুত্থানের চেতনা সারা দেশে ছড়িয়ে পড়ুক এবং একটি সুন্দর, বৈষম্যমুক্ত সমাজ গড়ে উঠুক। এজন্য সংগঠিত হওয়া ছাড়া বিকল্প নেই।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের রাজনীতির সঙ্গে যুক্ত হতে হবে, তবে অবশ্যই রাজনীতি সচেতন হতে হবে, যাতে সব ধরনের অপকর্ম রুখে দেওয়া যায়।
অনুষ্ঠানে রমজানের শিক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
কেএ