হলে সিটের দাবিতে বাকৃবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

'গণরুম নাকি জেল, প্রশাসনের নাকে তেল'- এমন স্লোগানে মুখর হয়ে উঠেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সুলতানা রাজিয়া হলের সামনের সড়ক। হলে সিটের দাবিতে বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা সাতটার দিকে সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন হলটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবি দ্রুত গণরুম থেকে সরিয়ে নিয়মিত কক্ষে আবাসনের ব্যবস্থা করতে হবে। হলে আসন দিতে সময় লাগলে অন্তত আপাতত যেন একজন শিক্ষার্থীকে এক বেডে থাকার ব্যবস্থা করা হয়।দীর্ঘ দেড় বছর ধরে তারা অস্বাস্থ্যকর ও দুর্বিষহ পরিবেশে বসবাস করছেন। একজনের বেডে দুইজন করে থাকছেন, আর মাত্র চারটি বাথরুম ব্যবহার করছেন ১২৬ জন শিক্ষার্থী।
নাম প্রকাশে অনিচ্ছুক হলের এক শিক্ষার্থী বলেন, চারটি গণরুম ১২৬ জন থাকছি। এক বেডে দুইজন করে ঘুমাচ্ছি। মাত্র চারটি বাথরুম ব্যবহার করতে হচ্ছে সবাইকে। এতদিন ধৈর্য ধরেছি, কিন্তু এখন আর সম্ভব না। আমরা সিট চাই।
আরেকজন বলেন, কয়েকদিন আগে হল প্রভোস্টের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের ছাত্র বিষয়ক উপদেষ্টার কাছে পাঠান। সেখানে গিয়েও কোনো সমাধান পাইনি। সবাই শুধু অসহায়ত্ব প্রকাশ করছে, কিন্তু আমাদের সমস্যা সমাধানের উদ্যোগ নিচ্ছে না। তাই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি।
আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা 'গণরুম নাকি জেল, প্রশাসনের নাকে তেল' , 'হলে হলে বৈষম্য, চলবে না চলবে না', 'সিঙ্গেল বেডে দুইজন করে, থাকব না থাকব না'- সহ নানা স্লোগান দিতে থাকেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক মো. শহীদুল হক বলেন, সুলতানা রাজিয়া হলের শিক্ষার্থীরা গণরুম সমস্যার বিষয়ে আমার সাথে আলোচনা করেছিলো। আমি তাদেরকে তখন বুঝিয়েছিলাম যে, রাতারাতি এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। হলে খালি আসন না থাকলে তো তাদেরকে আসন বরাদ্দ দেওয়া যাচ্ছে না। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বাত্মক চেষ্টা করছে যাতে যতদ্রুত সম্ভব শিক্ষার্থী এই সমস্যা সমাধান করা যায়।
এএজি