জবিতে “জুলাই বিপ্লব ও বৈষম্যহীন বাংলাদেশ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

“মনে রেখো জুলাই, ভুলে যেও না” প্রতিপাদ্যকে ধারণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী সেমিনার।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিভাগের কনফারেন্স রুমে আয়োজিত এ সেমিনারের শিরোনাম ছিল “জুলাই বিপ্লব ২০২৪ ও বৈষম্যহীন বাংলাদেশ: সুযোগ, সমস্যা ও উত্তরণ” সেমিনারে সভাপতিত্ব করেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হক। আলোচক হিসেবে অংশ নেন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ। তবে সেমিনারটি বিশেষ তাৎপর্য লাভ করে জুলাই বিপ্লব ২০২৪-এর প্রত্যক্ষ ভুক্তভোগী আহত ও কারাবন্দী শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুলিবিদ্ধ অনিক কুমার দাস, আহত মুশফিকুর রহমান, এবং অন্যায়ভাবে কারারুদ্ধ তুষার শেখ ও মোহাম্মদ রিয়াদ হোসেন। বক্তৃতায় তারা তুলে ধরেন আন্দোলনের সময়কার করুণ অভিজ্ঞতা।
তুষার ও রিয়াদ বর্ণনা করেন কারাজীবনের বিভৎসতা, অন্যদিকে অনিক ও মুশফিক তুলে ধরেন তাদের আহত হওয়ার হৃদয়বিদারক মুহূর্তগুলোর কথা। তাদের প্রত্যাশানতুন বাংলাদেশ যেন বৈষম্যমুক্ত হয় এবং সবাই ঐক্যবদ্ধ থাকে দেশের উন্নয়নে।
অনুষ্ঠানের সূচনা হয় এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে, যেখানে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতার জন্য বিশেষ দোয়া করেন। এ সময় উপস্থিত অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন।
অনুষ্ঠানে আহত ও রাজবন্দীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হক ও অন্যান্য শিক্ষকগণ।
সেমিনারে অংশ নেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। বক্তারা বলেন, ভবিষ্যতের জগন্নাথ বিশ্ববিদ্যালয় হতে হবে ন্যায়, সমতা ও মানবিক মূল্যবোধে অনুপ্রাণিত একটি প্রতিষ্ঠান। তারা একটি বৈষম্যহীন ও প্রগতিশীল বাংলাদেশ গঠনের দৃপ্ত অঙ্গীকার ব্যক্ত করেন।
সেমিনারটি পুরো জুলাই বিপ্লব স্মরণ পর্বে নতুন মাত্রা যোগ করে আহত, শহীদ ও রাজবন্দীদের বাস্তব অভিজ্ঞতাকে সামনে এনে বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনের চিন্তায় অনুপ্রাণিত করে সবাইকে।
টিএ