ভারতে অপারেশন সিঁদুর বিতর্কের আগে বিরোধীদের বিক্ষোভ, মুলতবি লোকসভা

ভারতে সোমবার (২৮ জুলাই) থেকে শুরু হয়েছে সংসদের বর্ষা অধিবেশন। কিন্তু অধিবেশনের শুরুতেই বিরোধীদের বিক্ষোভের কারণে উত্তাল হয় লোকসভা। কারণ তারা সংসদে অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ আলোচনার পরপরই বিহারের বিশেষ ভোটার তালিকা সংশোধন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরাসরি জবাব দাবি করেছে।
আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় নিহতের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের পর স্পিকার ওম বিড়লা লোকসভায় প্রশ্নোত্তর পর্ব শুরু করার অনুমতি দেন। কিন্তু ইন্ডিয়া জোটের সদস্যরা স্লোগান এবং পহেলগাঁও হামলা ও অপারেশন সিঁদুর এবং বিহারের বিশেষ ভোটার তালিকা সংশোধন নিয়ে আলোচনার দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন। ওম বিড়লা জোর দিয়ে বলেন যে প্রশ্নোত্তর পর্বের পরে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা হবে। কিন্তু তারপরেও বিক্ষোভ অব্যাহত থাকে।
দুপুর ১২টায় বহুল প্রতীক্ষিত এই বিতর্ক শুরুর কথা থাকলেও বিরোধীদের নতুন দাবি এবং সরকারের অসম্মতির কারণে অচলাবস্থার সৃষ্টি হয়। অধিবেশন দুপুর ২টা পর্যন্ত মুলতবি করা হয়।
বিশেষ আলোচনা শুরুর ঠিক আগে, বিরোধীরা সরকারের কাছ থেকে এক লাইনের একটি নিশ্চয়তা চেয়েছে যে, অপারেশন সিঁদুর বিতর্ক শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিহার নিয়ে আলোচনা করা হবে। সরকার এই দাবিকে ‘প্রতারণা’ বলে প্রত্যাখ্যান করে।
সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, 'আমরা আলোচনা করতে সম্পূর্ণ প্রস্তুত ছিলাম। আলোচনার মাত্র ১০ মিনিট আগে বিরোধীরা তাদের এজেন্ডা নিয়ে এল — যে সরকার যেন এক লাইন লিখিত প্রতিশ্রুতি দেয়, এর পরই বিহার ইস্যু নিয়ে আলোচনা হবে। সংসদ এভাবে চলে না। আলোচনা শুরুর মাত্র ১০ মিনিট আগে এমন শর্ত দেওয়া সঠিক নয়।'
এদিকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ২১ দিনের অধিবেশনে মোট ১৭টি বিল পেশ করা হবে। অন্যদিকে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস দল জম্মু ও কাশ্মীরের রাজ্য মর্যাদা পুনর্বহালের দাবি জানিয়ে নতুন বিল উত্থাপনের প্রস্তুতি নিচ্ছে। যদিও সরকারের তরফে তাতে সাড়া পাওয়া যাচ্ছে না বলে সূত্রের খবর।
রাজ্যসভার সাংসদ রেণুকা চৌধুরী বলেন, 'পহেলগাঁও হামলার কারণ অভ্যন্তরীণ নিরাপত্তার ত্রুটি। এই বিষয়ে ও অপারেশন সিঁদুরের পরে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি পরবর্তী বিদেশ নীতি নিয়েও আলোচনা করার জন্য একটি নোটিশ দেওয়া হয়েছে।'
এএজি