হোমনা- মেঘনা আসন পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন

জাতীয় সংসদীয় আসন কুমিল্লা-২ (হোমনা ও মেঘনা) আসন পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি। শনিবার হোমনা পৌর এলাকার সুপার মার্কেটে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ দাবি জানান। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন লিখিত বক্তব্য পাঠ করেন।
এতে তিনি গত ৩০ জুলাই নির্বাচন কমিশন কর্তৃক হোমনা উপজেলার সঙ্গে তিতাস উপজেলাকে নিয়ে কুমিল্লা-২ আসন সংক্রান্ত খসড়া প্রকাশের প্রতিবাদ জানান এবং পুনরায় কুমিল্লা-২ আসনে হোমনা ও মেঘনা উপজেলা বহালের দাবি জানান।
লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি আরও বলেন, হোমনা ও মেঘনার মানুষের মধ্যে আত্মার সম্পর্ক বিদ্যমান। দুই উপজেলার ইতিহাস, ভৌগোলিক ও প্রশাসনিক সংযোগ, জনগণের জীবনধারা ও বাস্তব অভিজ্ঞতার আলোকে বর্তমান কুমিল্লা-২ আসন হোমনা ও মেঘনা উপজেলাই সময়োপযোগী, জনমুখী এবং যুক্তিযুক্ত। নির্বাচন কমিশনের উচিত জনগণের অভিজ্ঞতা, মতামত এবং ভবিষ্যৎ উন্নয়নের চিত্রকে গুরুত্ব দেওয়া। কারণ হোমনা-মেঘনা আসন কেবল একটি নির্বাচন কেন্দ্রিক এলাকা নয়, এটি একটি জনপদের মর্যাদা, অধিকার ও স্বাতন্ত্র্যের প্রতীক। এর গুরুত্ব না দিয়ে নির্বাচন কমিশন সীমানা পুনঃনির্ধারণ প্রক্রিয়ায় হোমনা থেকে মেঘনা বাদ দিয়ে হোমনা ও তিতাসকে কুমিল্লা-২ আসনের খসড়া হিসেবে প্রকাশ করায় জনসাধারণ এবং রাজনৈতিক মহলে নানা জল্পনা-কল্পনা সৃষ্টি হয়েছে।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
টিএ