রাঙ্গামাটির নিম্নাঞ্চল প্লাবিত, ৩০ হাজার মানুষ পানিবন্দি

টানা ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের তীরবর্তী বসবাসকারী রাঙ্গামাটির ছয়টি উপজেলার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। রাঙ্গামাটি সদরের নিম্নাঞ্চল ছাড়াও জেলার বাঘাইছড়ি, লংগদু, জুরাছড়ি, বরকল ও বিলাইছড়ি উপজেলার নিচু এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এতে প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তবে সরকারিভাবে তালিকা প্রণয়নের কাজ চলছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
শুক্রবার (৮ আগস্ট) সকালে দেখা যায় রাঙ্গামাটি পৌর এলাকার আসামবস্তি, ব্রাহ্মণটিলা, বাস টার্মিনাল এলাকা ছাড়াও বাঘাইছড়ি উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে পাঁচটি বঙ্গলতলী, মারিশ্যা, রূপকারী, খেদারমারা, বাঘাইছড়ি ও আমতলী ইউনিয়নের অনেক গ্রাম ফসলের মাঠ পানিতে তলিয়ে গেছে। এছাড়া বাঘাইছড়ি পৌর এলাকার ৯টি ওয়ার্ডের মধ্যে ৫টি ওয়ার্ড পানিতে তলিয়ে গেছে বন্ধ হয়ে গেছে অভ্যন্তরিণ সড়ক যোগাযোগ ব্যবস্থা। কাচালং নদী এবং কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধির ফলে এই নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। এতে ফসলী জমির ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং নিম্নাঞ্চলের সড়ক প্লাবিত হয়ে মানুষের যোগাযোগ ব্যবস্থার চরম অবনতি হয়েছে।
এএজি