Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

প্রকৌশল অধিকার আন্দোলনের শাটডাউনে চুয়েটে একাডেমিক কার্যক্রম স্থবির

প্রকৌশল অধিকার আন্দোলনের শাটডাউনে চুয়েটে একাডেমিক কার্যক্রম স্থবির

দেশজুড়ে চলমান ‘প্রকৌশল অধিকার আন্দোলন’ এর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় এই কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শিক্ষার্থীরাও ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন।

সকালে ক্যাম্পাস ঘুরে দেখা যায়, চুয়েটের একাডেমিক ভবন ও ল্যাবরেটরিগুলো ফাঁকা পড়ে আছে। শুধুমাত্র হলে অবস্থানরত শিক্ষার্থীরাই সীমিত আকারে ক্যাম্পাসে রয়েছেন। পরীক্ষাও বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। পাঁচ দফা দাবিকে সামনে রেখে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

চুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ তালবি বলেন, “অনেকদিন ধরেই আমরা যৌক্তিক ‘প্রকৌশল অধিকার আন্দোলন’ চালিয়ে আসছি। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। এরই ধারাবাহিকতায় গতকাল ঢাকায় লং মার্চের আয়োজন করা হয়। সেখানে আমরা প্রত্যক্ষ করি, যে সরকার আমাদের এবং আমাদের ভাইদের রক্তের ম্যান্ডেটে ক্ষমতায় এসেছে, সেই সরকারের নির্দেশে পুলিশ বাহিনী শান্তিপূর্ণ আন্দোলনে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ চালায়। এতে অনেকেই রক্তাক্ত ও আহত হন।”

তিনি আরও যোগ করেন, “এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি উত্থাপন করে। যতক্ষণ না হামলার প্রতিকার দেওয়া হচ্ছে এবং দাবিগুলো বাস্তবায়িত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই শাটডাউন কর্মসূচি চালিয়ে যাব। দেশের সেরা মেধাবী শিক্ষার্থীদের ন্যায্য দাবি পূরণ করা সরকারের দায়িত্ব। আমরা আশা করি সরকার দ্রুত দাবি মেনে নেবে।”

চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী গোবিন্দ মোদক বলেন, “এ আন্দোলন কোনো ব্যক্তিগত স্বার্থে নয়। এটি ভবিষ্যতের পেশাগত মর্যাদা এবং জাতীয় উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পর্কিত। আমরা চাই আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান আসুক। তাতে যেমন আমাদের শিক্ষাজীবন স্বাভাবিক হবে, তেমনি দেশের উন্নয়নও গতিশীল থাকবে।”

শিক্ষার্থীদের এই কর্মসূচি প্রসঙ্গে চুয়েটের ছাত্র কল্যাণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মুক্তার হোসাইন বলেন, “শিক্ষার্থীদের ন্যায্য দাবির সঙ্গে আমরা সবসময় আছি। গতকাল শিক্ষার্থীদের ওপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, প্রশাসনের পক্ষ থেকে আমরা তার প্রতিবাদ জানিয়েছি। আশা করি সরকার দ্রুত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে সমস্যার একটি টেকসই সমাধান করবে।”

এর আগে গতকাল সন্ধ্যায় পাঁচ দফা দাবি তুলে ধরে চট্টগ্রামে সড়ক অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রায় আড়াই ঘণ্টা স্থায়ী এ অবরোধ শেষে তারা ঢাকায় হামলার ঘটনার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমসহ তিন উপদেষ্টাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান এবং ডিসি মাসুদ আলমের পদত্যাগ দাবি করেন। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রশ্নবিদ্ধ ভূমিকার প্রতিবাদে তারা গায়েবানা জানাজার আয়োজন করেন। আন্দোলনকারীরা জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন এখন জাতীয় আলোচনার কেন্দ্রে। সরকারের সময়োপযোগী উদ্যোগই নির্ধারণ করবে এই অচলাবস্থার সমাধান।

 
নাজিফা তাসনিম জিফা/কেএ

নামাজের সময়সূচী

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪

আরও পড়ুন