Deshdeshantor24com: Bangla news portal

ঢাকা বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

'জুলাই স্মরণে' গবিতে চিত্রপ্রদর্শনী

'জুলাই স্মরণে' গবিতে চিত্রপ্রদর্শনী

জুলাই শুধু ক্যালেন্ডারের পাতা নয়- এটি স্মৃতির মাস, প্রতিবাদের মাস, স্বপ্ন দেখা শিক্ষার্থীদের গৌরবময় উচ্চারণের মাস। আর সেই স্মৃতিময় অধ্যায়ের আলোকছবিতে ফিরে তাকাতে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী আয়োজন ‘ফিরে দেখা উত্তাল জুলাই’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী।

মঙ্গলবার ( ৮ জুলাই) বেলা ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে প্রদর্শনী শুরু হয়ে চলে বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত। শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)-এর উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে স্থান পেয়েছে ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে জুলাই গণ-অভ্যুত্থানের বাস্তব চিত্র- শিক্ষার্থীদের প্রতিবাদ, সাহস, সংগঠিত কণ্ঠ এবং আত্মত্যাগের বিস্ময়কর মুহূর্তগুলো।

ছবি প্রদর্শনী ঘুরে দেখে মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী মোঃ মেরাজ হোসেন বলেন, “গবিতে ‘ফিরে দেখা উত্তাল জুলাই’ আমাদের বারবার মনে করিয়ে দেয় এই আন্দোলনের ভেতরে থাকা প্রতিটি শিক্ষার্থীর ভূমিকা। যারা কোনো রাজনৈতিক ব্যানার ছাড়াই নেমেছিল রাস্তায় এক নতুন দিনের আকাঙ্ক্ষায়। তবে আশঙ্কা থেকে যায়, এই ঐতিহাসিক মনোবল যেন কোনোদিন চেতনাবাজদের খেলনার পুতুল না হয়ে যায়।”

আয়োজক সংগঠন গবিসাস-এর সাধারণ সম্পাদক ইভা আক্তার বলেন, “ফিরে দেখা উত্তাল জুলাই” শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী গণ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়কে স্মরণ করার সচেতন প্রয়াস। ৮ জুলাইয়ের ছাত্র-আন্দোলন দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর গণতান্ত্রিক জাগরণে এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই প্রদর্শনীর ছবি শিক্ষার্থীদের অতীত চেনাতে এবং গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে সহায়তা করবে। নতুন প্রজন্মকে সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতেই গবিসাস এই উদ্যোগ গ্রহণ করেছে।"

প্রদর্শনীর সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন গবিসাস-এর নিবেদিত সদস্যরা এবং শুভানুধ্যায়ী শিক্ষার্থীরা। ছবি ঘিরে আলোচনা, সংলাপ ও স্মৃতিচারণায় মুখর ছিল পুরো আয়োজনস্থল। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা, যাদের পদচারণায় দিনটিকে রঙিন ও অর্থবহ করে তোলে।

 
কেএ

নামাজের সময়সূচী

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
Masjid
ফজর ৪:৪১
জোহর ১২:০৯
আসর ৪:২৯
মাগরিব ৬:১৪
ইশা ৭:২৮
সূর্যোদয় ৫:৫৬
সূর্যাস্ত ৬:১৪