আফ্রিকা সফরের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড ঘোষণা

আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে আফ্রিকায় লম্বা সফরে যাচ্ছে বাংলাদেশ দল। এই সফরের অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং এরপর জিম্বাবুয়েতে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে যুবারা। এই দুই সিরিজকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১০ জুলাই) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দলের নেতৃত্বে থাকছেন নিয়মিত অধিনায়ক আজিজুল হক তামিম। দলে জায়গা পেয়েছেন কয়েকজন নতুন মুখও।
দুই সিরিজকে কেন্দ্র করে শুক্রবার (১১ জুলাই) দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। সফরের শুরুতে ১৪ জুলাই প্রিটোরিয়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এরপর বেনোনিতে ১৭, ১৯ ও ২০ জুলাই স্বাগতিকদের বিপক্ষে তিনটি আন্তর্জাতিক যুব ওয়ানডে ম্যাচে মাঠে নামবে টাইগার যুবারা।
এই সিরিজ শেষে বাংলাদেশ যাবে জিম্বাবুয়েতে, যেখানে ২৫ জুলাই থেকে শুরু হবে ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজ। সেখানে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক জিম্বাবুয়ে অংশ নেবে রাউন্ড রবিন লিগ ভিত্তিক এই প্রতিযোগিতায়। প্রতিটি দল একে অপরের বিপক্ষে তিনবার করে মুখোমুখি হবে, অর্থাৎ মোট ৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে লিগ পর্বে।
পয়েন্ট টেবিলে শীর্ষ দু’দল খেলবে ফাইনালে, যা হবে ১০ আগস্ট। সবগুলো ম্যাচ হবে হারারে শহরের দুটি ভেন্যুতে। হারারে স্পোর্টস ক্লাব ও সানরাইজ স্পোর্টস ক্লাবে। ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায়।
ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী দিনে (২৫ জুলাই) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে স্বাগতিক জিম্বাবুয়ে। ২৬ জুলাই বাংলাদেশ মাঠে নামবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ২৮ জুলাই হারারে স্পোর্টস ক্লাবে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।
টিএ